আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে, জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, “আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী ব্যক্তি, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

এদিকে, আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।