স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল শেষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল দলকে ঘিরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে।
রবিবার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজন সদস্য স্পেনের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্পেন দলের উদযাপনের সময় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা ঘটনায় জড়িত ছিলেন।
ফিফার প্রাথমিক তথ্য অনুযায়ী, ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচ স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখিয়েছিলেন। তবে পরে সেই লাল কার্ড রেকর্ড থেকে প্রত্যাহার করা হয় এবং ফিফা জানায়, সে সময় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
ফিফা জানিয়েছে, তদন্তে যদি খেলোয়াড় বা কোচিং স্টাফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও আর্থিক জরিমানা আরোপ করা হতে পারে।
উল্লেখ্য, এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় দেশটির বিরুদ্ধে সম্ভাব্য শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু করেছিল ফিফা।
