শাকসু নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শাবিপ্রবি প্রশাসনের আবেদন

নিউজ রিপোর্ট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহ স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে চেম্বার আদালতে এ আবেদন করা হয়। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের আদেশে নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়।

এদিকে শাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এর আগে বিএনপিপন্থি শিক্ষকেরা নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। সোমবার শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর একটি হল দখল হওয়ার পর নীতিমালা তৈরি করা হলেও তা পরে বাতিল করা হয়। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে শিক্ষকদের ট্যাগিং দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল গতকাল ও আজ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে। তাদের তিন দফা দাবির মধ্যে শাকসু নির্বাচন ইস্যুও রয়েছে।

এদিকে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নির্ধারিত তারিখেই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়াও শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের প্রতিবাদ ও নির্ধারিত সময়ে নির্বাচন দাবিতে সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি ক্যাম্পাস।