ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনাসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১ লাখ সদস্য। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ৫ হাজার, বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে স্থলভাগে দায়িত্ব পালন করবে ১ হাজার ২৫০ জন। তিনি আরও জানান, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন, বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন এবং র‌্যাবের ৭ হাজার ৭০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন সদস্য মোতায়েন করা হবে। সব মিলিয়ে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য। উপদেষ্টা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।