যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড নয়: ঢাকাস্থ মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে স্পষ্ট করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফ ও এম ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ধরনের ভিসা বন্ড দিতে হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশ্যে এফ বা এম ভিসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ডের শর্ত নেই। কেবল প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন ভিসা, অর্থাৎ বি১ ও বি২ ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে।

এর আগে সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছুক বাংলাদেশিদের অতিরিক্ত সময় অবস্থান ঠেকাতে নতুন করে ভিসা বন্ডের শর্ত কার্যকর হচ্ছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে বি১ ও বি২ ভিসার জন্য অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। ১৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১ ও বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না বলে দূতাবাস জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধ প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে বন্ডের অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, বাংলাদেশসহ মোট ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দেওয়ার বিধান কার্যকর করা হচ্ছে।