স্পেনের বার্সেলোনার কাছে ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, অন্তত ১৪ জন আহত

স্পেনের বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কাতালোনিয়ার গেলিদা ও সান্ত সাদুর্নি এলাকার মধ্যবর্তী অংশে রোদালিয়েস কমিউটার ট্রেনটি একটি রিটেইনিং ওয়ালের সঙ্গে ধাক্কা খায়। ভারী ঝড়ের কারণে দেয়ালটি ভেঙে রেললাইনের ওপর পড়ে বলে ধারণা করা হচ্ছে। এরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় উত্তর-পূর্ব স্পেনে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছিল। দেশের পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের বহু উপকূলীয় এলাকায় আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে পিরেনিজ পর্বতমালায় তুষারঝড় এবং মেনোরকার উপকূলে কয়েক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে।

জরুরি পরিষেবা সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গেলিদায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের ৩৫টি দল উদ্ধারকাজে অংশ নেয় এবং ট্রেনের ভেতরে আটকে পড়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিস জানায়, ট্রেনের ভেতরে আর কেউ আটকে নেই। আশপাশের এলাকা তল্লাশি করে অন্য কোনো হতাহতের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনকে মোইসেস ব্রোগি, বেলভিতগে এবং ভিলা ফ্রাঙ্কা হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মাত্র দুই দিন আগেই দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার আদামুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হন। সেটিকে গত এক দশকের মধ্যে স্পেনের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করছে এবং খারাপ আবহাওয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : বিবিসি