সিলেট থেকে বিএনপির নির্বাচনি প্রচার শুরু, বৃহস্পতিবার দুই ওলির মাজার জিয়ারত করবেন তারেক রহমান

নিউজ রিপোর্ট: আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিনের কর্মসূচি হিসেবে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে রাতযাপনের পর বৃহস্পতিবার সকালে দুই ওলির মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন তিনি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারত শেষে তারেক রহমান সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের সিলেট সফর ও জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকও হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তারেক রহমান যে সব স্থানে যাবেন এবং যেসব পথে চলাচল করবেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে।

তিনি আরও বলেন, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।