মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরব, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় ভোর থেকেই লাখো মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে মসজিদ ও ঈদগাহমুখী হন।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, দুবাই ও শারজাহসহ বিভিন্ন শহরের মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজ আদায় করা হয়।

ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে মানুষ ঈদের জামাতে অংশ নেন। সূর্যোদয়ের আগেই ঈদগাহ ও মসজিদগুলো পূর্ণ হয়ে গেলে অনেকে রাস্তায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ব্রিটেনের লন্ডনে অবস্থিত ইস্ট লন্ডন মসজিদসহ প্রধান মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। ভোরের পর থেকেই তাকবিরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আবুধাবিতে সকাল ৬টা ১২ মিনিটে, আল আইনে ৬টা ৬ মিনিটে, শারজাহ, আজমান ও উম্মে আল কুইনে ৬টা ৬ মিনিটে এবং ফুজাইরা ও রাস আল খাইমায় সকাল ৬টা ৪ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।