নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পৌঁছালে তাকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অভ্যর্থনা জানান।
সভায় ড. মুহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য তিনি সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন যেন সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
