পূর্ব লন্ডনের বেকটনে বেপরোয়া গতিতে রাস্তায় প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর সময় সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় কিশোর যাত্রী হারিস উসমানের মৃত্যু হয়। এ ঘটনায় দোষী সাব্যস্ত দুই চালক মোহাম্মদ আলম (২৭) ও মোহাম্মদ ইসলাম (২৫)-কে মোট ১৮ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি রয়্যাল ডকস রোডে মোহাম্মদ ইসলাম তার গাড়িতে বন্ধু হারিস উসমানকে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় ইসলাম ও আলমের মধ্যে হঠাৎ করেই দ্রুতগতির একটি রেস শুরু হয়।
রেস চলাকালে ইসলামের গাড়ি আলমের মার্সিডিজের পেছনে ধাক্কা দিলে দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারায়। পরে ইসলামের গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে আঘাত করে।
দুর্ঘটনায় পেছনের আসনে বসা হারিস উসমান গুরুতর মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই গাড়ির সামনের যাত্রী ইয়াসিন হুসাইন ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
আদালত জানায়, জনবহুল সড়কে বিপজ্জনক ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অন্যের জীবন ঝুঁকির মুখে ফেলার দায়ে দুই চালককে ‘causing death by dangerous driving’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, সড়কে অবৈধ রেসিং ও বেপরোয়া গাড়ি চালানোর পরিণতি অত্যন্ত গুরুতর এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
