নিউজ রিপোর্ট: চাঁনখারপুলে ছয়জনকে হত্যার মামলায় দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
সোমবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও আসামিদের সীমিত সাজা দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের সঙ্গে সংগত নয়। রাষ্ট্রপক্ষ এ রায়কে সন্তোষজনক মনে করছে না।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ঘটনার সময় আসামি সুজন গুলি চালানোর সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে তিনি কনস্টেবল হওয়ায় ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন বলে আদালত তার ক্ষেত্রে সীমিত সাজা দিয়েছেন।
তিনি আরও জানান, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের ব্যাখ্যা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, এই সাজা একটি স্পষ্ট বার্তা দেয় যে, কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। কেউ এমন নির্দেশ পালন করলে আদালতে তিনি ছাড় পাবেন না।
রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনার ভয়াবহতা ও অপরাধের মাত্রা বিবেচনায় আরও কঠোর সাজা হওয়া উচিত ছিল। এ বিষয়ে উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
