নিউজ রিপোর্ট: সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস এ সিদ্ধান্তকে “একটি দৃঢ় পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবাদ দমনে দমন-পীড়নের ঘটনা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে আইআরজিসি এখন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জিহাদি সংগঠনের সমপর্যায়ে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত হলো।
মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারিতে টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছে। এসব অভিযানে আইআরজিসির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আইআরজিসি ইরানের একটি শক্তিশালী সামরিক বাহিনী, যার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও ব্যাপক। ইইউর এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পথ আরও সহজ হবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
