নিউজ রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত ও পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সকল প্রার্থীর জন্য সমানভাবে নিশ্চিত করা হলে নির্বাচনি পরিবেশ আরও ইতিবাচক হবে। দলীয় প্রধানদের নির্বাচনি প্রচারের জন্য বিটিভিতে স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ অনুযায়ী লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে প্রচারের স্লট নির্ধারণ করতে হবে। বিটিভি কর্তৃক প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বিটিভি।
চিঠিতে আরও বলা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন পাওয়ার ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে আবেদন না পাওয়ায় বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় কমিশন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটের আগে তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবে।
