জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক: ডিবি’র অভিযান

ঢাকা, ২৪ সেপ্টেম্বর — জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় হ্যাকারদের ধরতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এ অভিযান শুরু হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।”

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে দাবি করে, “সাইবার হামলার মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে। জামায়াত আমিরের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, হ্যাকিংয়ের ঘটনায় সাইবার ক্রাইম ইউনিট প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, এই হ্যাকিং ইস্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে।