জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় না হওয়ায় সমাজে এর গুরুত্ব কমেছে: ধর্ম উপদেষ্টা

নিউজ রিপোর্ট: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের ইতিহাসে প্রায় এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। কিন্তু ব্রিটিশ ও মুঘল আমলে এসে তা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সমাজে জাকাতের গুরুত্ব অনেকটাই কমে গেছে।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জাকাত কোনো দান-দক্ষিণা নয়, এটি গরিবের ন্যায্য অধিকার। অথচ সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যাচ্ছে। তিনি জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জাকাত সঠিকভাবে আদায় ও বণ্টনের ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর ভূমিকা প্রশংসনীয়। জাকাত যদি যথাযথভাবে পরিচালিত হতো, তাহলে সমাজের বহু সামাজিক সমস্যা কমে যেত।

উদাহরণ টেনে আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেওয়া একটি দুঃখজনক বাস্তবতা। জাকাত সঠিকভাবে আদায় করা গেলে অনেক মানুষকে এ ধরনের পেশায় যেতে হতো না।

তিনি বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায় করে না, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। অথচ দেশে অনেক ধনী ব্যক্তি নিয়ম অনুযায়ী জাকাত দেন না। এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর দার্শনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের তিনটি দিক রয়েছে—গন্তব্য নির্ধারণ, সেই গন্তব্যে পৌঁছানোর পথ এবং সেই পথে ব্যবহৃত উপকরণ।

তিনি বলেন, জাতিসংঘও গন্তব্য নির্ধারণ নিয়ে সংকটে রয়েছে। সিজেডএমের উদ্যোগের বৈশ্বিক গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাকাত শুধু আর্থিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও।

ড. জিল্লুর রহমান আরও বলেন, শুধু জাকাত প্রদান করলেই দায়িত্ব শেষ হয় না। এই অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটির তদারকিও জরুরি। তাই জাকাত প্রদানের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।