টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত

নিউজ রিপোর্ট: আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান দলের অংশগ্রহণে কোনো বাধা নেই।

আজ পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের সরকার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” একই সঙ্গে জানানো হয়, “তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

পাকিস্তান সরকারের এই ঘোষণার খবর প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজসহ একাধিক গণমাধ্যম। সিদ্ধান্তটি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তেজনা ও আগ্রহ থাকে, সেখানে এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নির্ধারিত সূচিতে পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়ছে।