সুনামগঞ্জের ৪৫১ দুর্গম ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে: জেলা প্রশাসক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ একটি শান্তিপূর্ণ জেলা এবং এখানে রাজনৈতিক সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে কম। তবে হাওরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে যাতায়াত এবং নির্বাচনী সামগ্রী আনা–নেওয়া বেশ কষ্টসাধ্য। এসব এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, দুর্গম কেন্দ্রে নির্বাচনসংক্রান্ত রেকর্ডপত্র সংরক্ষণ করাও একটি বড় চ্যালেঞ্জ। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হাওর এলাকার ৪৫১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।