নিউজ রিপোর্ট: বাড়ির দামের প্রবৃদ্ধিতে আগামী কয়েক বছরে লন্ডন পিছিয়ে পড়তে পারে ইস্ট মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট অঞ্চলের তুলনায়। সম্পত্তি খাতের প্রতিষ্ঠান হ্যাম্পটন্সের পূর্বাভাসে বলা হয়েছে, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর বাড়ির দাম যে নিম্নস্তরে নেমেছিল, সেখান থেকে সামগ্রিক প্রবৃদ্ধির হিসাবে ২০২৮ সাল পর্যন্ত লন্ডনের চেয়ে এগিয়ে থাকবে ইংল্যান্ডের মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট অঞ্চল।
হ্যাম্পটন্স জানায়, যুক্তরাজ্যজুড়ে বাড়ির দাম আগামী বছর তুলনামূলকভাবে সীমিত হারে বাড়বে। ২০২৬ সালের শেষ প্রান্তিকে ব্রিটেনে গড় বাড়ির দাম বছরে প্রায় ২ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে লন্ডনের চিত্র ভিন্ন। হ্যাম্পটন্সের মতে, করসংক্রান্ত পরিবর্তনের প্রভাব সামাল দিতে গিয়ে রাজধানীর আবাসন বাজারে স্থবিরতা দেখা দেবে। ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে লন্ডনে বাড়ির দামে বার্ষিক প্রবৃদ্ধি শূন্য শতাংশে আটকে থাকতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উচ্চ স্ট্যাম্প ডিউটি ও সামগ্রিক কর-সংক্রান্ত উদ্বেগ লন্ডনের বাজারকে চাপে রাখছে। বিশেষ করে ১৯ লাখ পাউন্ড বা তার বেশি মূল্যের বাড়ির ক্ষেত্রে সামান্য দরপতনের আশঙ্কা রয়েছে। তবে এই দরপতন মূলধারার বা মধ্যম দামের আবাসিক বাজারে সম্ভাব্য মূল্যবৃদ্ধির মাধ্যমে আংশিকভাবে সামাল দেওয়া যেতে পারে।
বিশ্লেষকদের মতে, তুলনামূলকভাবে সাশ্রয়ী দাম, চাহিদার স্থায়িত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ইস্ট মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্টের আবাসন বাজার আগামী কয়েক বছরে লন্ডনের চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারে।
