জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে ফলাফল মেনে নেওয়াই প্রত্যাশিত।

বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান।

ভাষণের শুরুতে তিনি বলেন, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোট গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক মুহূর্তে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। আহতদের সুস্থতা কামনাও করেন তিনি।

সিইসি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি দায়িত্বও। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে এবং ফলাফল মেনে নিতে হবে।

ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে জাতীয় নির্বাচনের এ প্রক্রিয়াকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশা করেন।