বিরোধ যেন প্রতিশোধে না গড়ায়—দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান

নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ যেন প্রতিশোধ ও প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহনশীলতা ও সংযম অত্যন্ত জরুরি। নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলা অটুট রাখা এবং অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেই এ বার্তা দিয়েছেন তারেক রহমান।