রমজান উপলক্ষে তাক্বওয়া ট্রাস্ট ইউকের উদ্যোগে ৩৯ পরিবারকে নগদ সহায়তা

কোহিনুর আহমেদ | নর্থইস্ট প্রতিনিধি | যুক্তরাজ্য

পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন তাক্বওয়া ট্রাস্ট ইউকের উদ্যোগে সৈয়দপুরে ৩৯টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ রমজান) জুমার নামাজের পর সৈয়দপুর এদদাদিয়া নুরানী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক ও নায়েবে মুহতামিম মাওলানা মারজান ফিদাউর।

সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে বৃহত্তর সৈয়দপুরের তেঘরিয়া ও মোরাদাবাদ এলাকার ৩৯টি পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

তাক্বওয়া ট্রাস্ট ইউকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।