যুক্তরাজ্যের এসেক্সের উপকূলে ডুবে যাওয়া সাত বছরের এক শিশুকে বাঁচাতে গিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষিকা ও তাঁর ১৫ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম মার্সি (West Mersea) এলাকার সি-ভিউ অ্যাভিনিউ সংলগ্ন সৈকতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৪২ বছর বয়সী শিক্ষক শালিনা রহমান এবং তাঁর মেয়ে সামীহা রহমান (১৫)। শালিনা রহমান যুক্তরাজ্য যুবদলের সভাপতি মনসুর রহমানের স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। পরিবার নিয়ে তাঁরা পূর্ব লন্ডনের বার্কিং এলাকা থেকে এসেক্সের মার্সি দ্বীপে গ্রীষ্মকালীন ছুটিতে ঘুরতে গিয়েছিলেন।
ঘটনায় গুরুতর অসুস্থ সাত বছর বয়সী শিশুটিও তাঁদেরই এক আত্মীয়। বর্তমানে সে লন্ডনের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, সাগরে জোয়ারের পানি হঠাৎ করে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করলে একটি বালুচরে আটকে পড়া দলটি বিপদে পড়ে। এ সময় শিশুটি পানিতে তলিয়ে যেতে থাকলে শালিনা রহমান ও তাঁর মেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে শক্তিশালী স্রোতের টানে ভেসে যান।
ঘটনার বিবরণ দিয়ে নিহত শালিনা রহমানের ভাসুর মতিউর রহমান জানান, পরিবারটির অন্তত ১০ জন সদস্য একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তিনি বলেন, “পানির কাছে খেলতে থাকা অবস্থায় হঠাৎ বড় একটি ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। আমাদের পুরো পরিবার শোকাবহ ও বাকরুদ্ধ।”
পরিবারের ঘনিষ্ঠ একজন বন্ধু জানান, মা ও মেয়ে দুজনের কেউই ভালো সাঁতার জানতেন না, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং কোস্টগার্ডের হেলিকপ্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি সেবার কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের উদ্ধার করলেও মা ও মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।
এসেক্স পুলিশের ডিটেক্টিভ চিফ ইন্সপেক্টর (ডিসিআই) আল পিচার এ ঘটনাকে একটি “কল্পনাতীত হৃদয়বিদারক দুর্ঘটনা” হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র : বিবিসি
