যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ‘অপ্রতিরোধ্য জবাবের’ প্রতিশ্রুতি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি)। শুক্রবার এক জরুরি বিবৃতিতে পরিষদ জানিয়েছে, ওয়াশিংটনের সাথে আলোচনা চলাকালীন সময়ে ‘আবারো’ এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন।
এসএনএসসির বিবৃতিতে বলা হয়, “শত্রুপক্ষ ভুলভাবে ধারণা করছে যে এ ধরনের আক্রমণের মাধ্যমে ইরানি জনগণ তাদের তুচ্ছ দাবির কাছে আত্মসমর্পণ করবে।” পরিষদ দাবি করে, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে কার্যকর পাল্টা ব্যবস্থা গ্রহণ শুরু করেছে এবং পরিস্থিতি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করা হবে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয় যে তেহরানসহ অন্যান্য বড় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান অভিযান অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় নাগরিকদের শান্ত থাকার এবং সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে ভিড়যুক্ত এলাকা ও বিপণিবিতানে না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদ জনগণকে আশ্বস্ত করে বলেছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার আগেই প্রস্তুতি নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে “এ বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই” উল্লেখ করা হয়।
এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসএনএসসি দেশজুড়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে ব্যাংকিং সেবা চালু থাকবে এবং সরকারি দপ্তরগুলো ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা ও আপডেট জনগণকে সময়মতো জানিয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
