কুয়ালালামপুরে ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট)–এর উদ্যোগে এক প্রীতি ও মিলনমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর-এর চাপাতি ডটকম রেষ্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া-এর মিনিস্টার (শ্রম) মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিডিএক্সপ্যাটের বিভিন্ন গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশি পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ইফতার অনুষ্ঠানে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) মোঃ ফিরোজ রব্বানী।
অনুষ্ঠানে বিডিএক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই সংগঠনের মূল উদ্দেশ্য।
এছাড়া সংগঠনের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া-এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আলী তারেক, একই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার ডা. তানিয়া ইসলাম, ডিএইচএল মালয়েশিয়া-এর ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, মাষ্টারকার্ডের ম্যানেজিং কনসালটেন্ট রিবো আলম, সিবিএল মানি ট্রান্সফারের তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার এবং পিএইচডি গবেষক আশা হোসেন।
ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রফেশনালদের অন্যতম বৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের বর্তমানে ৮৫০-এর বেশি সদস্য রয়েছে।
সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন জোরদার এবং বৈচিত্র্য প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংগঠনের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— লিডার্স’ টক, উইমেনস’ কোর, বৈঠক, টেক আড্ডা ও কিডস’ ক্লাব। এছাড়াও প্রতি বছর বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিট অ্যান্ড গ্রিট গ্যাদারিংসহ বিভিন্ন নিয়মিত আয়োজন করা হয়।
সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা মালয়েশিয়ার বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত, যা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাববিস্তারী করে তুলেছে।