হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রণালিটি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না।

ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আইআরজিসির পক্ষ থেকে এ জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে প্রণালি বন্ধের বিষয়ে সরাসরি বার্তা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে যায়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।