ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে দেশটি সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যের কাছে আরও সক্রিয় ভূমিকা চেয়েছে। সে কারণে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে ইরানের ছোড়া কয়েকটি হামলা প্রতিহত করেছে।
স্টারমার জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থায়ী হুমকি বন্ধ করতে হলে সেগুলোর উৎসস্থলেই ধ্বংস করতে হবে—যেখানে মজুত রাখা হয়েছে বা যেসব লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র “নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে” ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল, যা লন্ডন মঞ্জুর করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষ্য, এই সিদ্ধান্তের লক্ষ্য ইরানকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত রাখা, নিরীহ মানুষের প্রাণহানি ঠেকানো, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাতে জড়িত নয়—এমন দেশগুলোর ওপর হামলা প্রতিরোধ করা।
