কুয়েতে মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতে একাধিক মার্কিন সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বলে সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে সব ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমানে আগুন ধরে যায় এবং সেটি জ্বলন্ত অবস্থায় নিচে পড়ে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও একই ধরনের একটি ভিডিও পেয়েছে, যেখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, অন্তত একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

ঘটনাটি কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটেছে বলে জানা গেছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা এটি যুক্তরাষ্ট্রের কোন শাখার বিমান ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।