ব্রিটিশ চ্যান্সেলর Rachel Reeves ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে জড়ানোকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংঘাত বিশ্বকে আগের চেয়ে নিরাপদ করেছে কিনা, সে বিষয়ে তিনি মোটেও নিশ্চিত নন।
বুধবার ওয়াশিংটনে CNBC আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিভস বলেন, চলমান সংকট নিরসনে একটি কূটনৈতিক পথ খোলা ছিল এবং আনুষ্ঠানিক আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনার পথ বন্ধ করে সামরিক সংঘাতে জড়ানো একটি বড় ভুল হয়েছে।
তিনি বলেন, “প্রশ্নটি ইরান সরকারকে পছন্দ বা অপছন্দ করার নয়, বরং প্রশ্ন হলো—আপনি যে পরিবর্তন চান, সেটি কীভাবে অর্জন করবেন।” এ সময় তিনি ব্যক্তিগতভাবে ইরান সরকারকে অপছন্দ করেন বলেও উল্লেখ করেন।
রিভস আরও জানান, যুদ্ধের পর বিশ্ব পরিস্থিতি আগের চেয়ে বেশি নিরাপদ হয়েছে বলে তিনি মনে করেন না।
তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন Donald Trump দাবি করছেন, তার সামরিক অভিযানে ইরান প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী Keir Starmer একই ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার করে বলেছিলেন, এই যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না। স্টারমারের পর রিভসের এই বক্তব্য দেশটির নীতিনির্ধারকদের মধ্যেও অস্বস্তি ও ভিন্নমতের ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ করে ওয়াশিংটনের মাটিতে ব্রিটিশ চ্যান্সেলরের এমন মন্তব্য যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য সম্পর্কে নতুন টানাপড়েন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি
