কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম, প্রথমবারের মত এমপি নির্বাচিত 

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক Doly Begum ফেডারেল রাজনীতিতে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করেন তিনি।

এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী Mark Carney-এর নেতৃত্বাধীন Liberal Party of Canada সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সোমবার (১৩ এপ্রিল) কানাডায় অনুষ্ঠিত তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল উপনির্বাচনের ফলাফলে এই চিত্র স্পষ্ট হয়। অন্টারিওর ইউনিভার্সিটি-রোসডেল ও স্কারবোরো সাউথওয়েস্ট এবং কুইবেকের তেরেবোন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে লিবারেলদের মাত্র একটি আসনে জয় প্রয়োজন ছিল।

ডলি বেগমের জয়ের ফলে বর্তমানে লিবারেলদের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪-এ, যা তাদের সরকার পরিচালনায় আরও স্থিতিশীলতা এনে দেবে। এর ফলে আইন পাস ও নীতিনির্ধারণে সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এর আগে স্কারবোরো সাউথওয়েস্ট আসনটি সাবেক মন্ত্রী Bill Blair-এর বিদায়ের পর শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিন লিবারেলদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দলটির মনোনয়ন পান ডলি বেগম।

রাজনৈতিক জীবনে ডলি বেগমের উত্থানও উল্লেখযোগ্য। ২০১৮ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। সর্বশেষ গত বছরও New Democratic Party (এনডিপি)-এর প্রার্থী হিসেবে একই আসন থেকে জয়ী হন।

লিবারেল দলে যোগ দেওয়ার বিষয়ে ডলি বেগম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করে একটি শক্তিশালী ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি। তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে তিনি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী কার্নি ডলি বেগমকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই বিজয় দীর্ঘদিনের পরিশ্রম ও জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, ডলি বেগমের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মৌলভীবাজারে জন্ম নেওয়া ডলি বেগম ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান। University of Toronto থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং University College London থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।