যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বিশ্ববাসীর জন্য ‘সেবা’: ট্রাম্পের দাবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের অগ্রগতিকে তিনি “অসাধারণ সাফল্য” হিসেবেও উল্লেখ করেন। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের অগ্রগতি এখন পর্যন্ত “০ থেকে ১০-এর স্কেলে ১৫”। তার ভাষায়, এই অভিযান প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। তিনি আরও বলেন, “ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।”

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।” অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৩৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

এই হামলা ও পাল্টা উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।