যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুব কম বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতি বহাল থাকবে।

টেলিফোনে Bloomberg-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।’

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তড়িঘড়ি করে কোনো চুক্তিতে যেতে রাজি নন। তার ভাষায়, ‘একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে।’

যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।’

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম CNN সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক অগ্রগতির ওপর।