আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ তাৎপর্য বহন করে, যা জুমাতুল বিদা নামে পরিচিত।
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করছেন। নামাজের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে আবেগঘন পরিবেশে দোয়া করেন মুসল্লিরা।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে জুমাতুল বিদার সবচেয়ে বড় জামায়াত। সেখানে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আজকের দিন শেষে ১৪৪৭ হিজরি সনের মহিমান্বিত রমজান মাসের সমাপ্তি ঘটছে। রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ার পর আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
