লন্ডন প্রতিনিধি: ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম রব। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মো. মতছিন আলী।
সভায় বক্তব্য দেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন, মাহবুবুর রহমান কোরেশী, চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাংবাদিক খালেদ মাসুদ রনি, শেখ ফারুক আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুছ, আহমেদ সাদেক, হাজী ফারুক মিয়া, হাজী বুলু মিয়া, প্রভাষক আব্দুল হাই এবং জুবেল আহমদ বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিলেটের অর্থনৈতিক অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত বিমানবন্দরের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যক্রম চালু এবং বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করা হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ক্যাম্পেইনের শাখা কমিটি গঠন, আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ও ইতিহাস সংবলিত একটি স্মারক গ্রন্থ প্রকাশ, সিলেটে দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ গ্রহণ।
এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সিন্ডিকেটমুক্ত সেবা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
