ইরানিয়ান ড্রোন ও মিসাইল হামলায় দিশেহারা ইসরাইল

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত রাফায়েল অস্ত্রাগারে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানি বাহিনী এইলাত, ডিমোনা এবং তেল আবিবের আশেপাশের এলাকাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে চিহ্নিত স্থানগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে, ইরান আরও জানায় যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশে শত্রুপক্ষের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

এর আগে ইরান দাবি করে, বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি মহাকাশ স্থাপনা এবং সেখানে জ্বালানি ভরার জন্য প্রস্তুত রাখা বিমানগুলোর ওপরও হামলা চালানো হয়েছে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।