আন্তর্জাতিক ডেস্ক
পাঁচ রাতের বিরতির পর ইরানে আবারও ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই ‘ভারী’ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। গ্রিনিচ মান সময় অনুযায়ী, তখন বৃহস্পতিবার ভোর ২টা।
সেন্টকমের দাবি, ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলার এই দফা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হামলায় কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, সর্বশেষ মার্কিন হামলায় বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেশম দ্বীপে হামলায় একটি পরিবারের দম্পতি ও তাদের দুই বছর বয়সী শিশুসন্তান নিহত হয়েছে।
তবে হামলায় মোট হতাহতের সংখ্যা এবং সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
টানা পাঁচ দিন হামলা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের নতুন এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। জর্ডানে মার্কিন অবস্থানে হামলা এবং তার জবাবে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাতের ঘটনায় পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
