মে মাসেই ঈদুল আজহা? পূর্বাভাসে সম্ভাব্য তারিখ ঘোষণা

ঈদুল ফিতরের আনন্দের রেশ কাটতে না কাটতেই পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন খবর সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের মে মাসের শেষার্ধেই উদযাপিত হতে পারে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরদিন, অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আমিরাতে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত নিয়ম এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে থাকে। সেই হিসেবে, যদি আমিরাতে ২৭ মে ঈদ উদযাপিত হয়, তবে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা প্রবল।

একই সঙ্গে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই পূর্বাভাসই সম্ভাব্য হিসেবেই বিবেচিত হবে।