নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ৩০ এপ্রিল সিলেট সফরে আসছেন Tarique Rahman। ওই দিন তিনি সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন, যা একই সঙ্গে দেশের সব জেলায় চালু হবে।
প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সরকারের ক্রীড়ানীতির দিক তুলে ধরে তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া বাধ্যতামূলক করা হতে পারে। পাশাপাশি ক্রীড়া বৃত্তি চালু এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ ও মাদকমুক্ত সমাজ নির্মাণের লক্ষ্য রয়েছে সরকারের।
এদিকে, সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও জরাজীর্ণ অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগ তুলে বর্তমান অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ভাতা প্রদান শুরু হয়েছে এবং ক্রীড়া কার্ড বিতরণ করা হয়েছে। গত এক বছরে দেশের হয়ে পদকজয়ীদের পুরস্কৃত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্টেডিয়াম পরিদর্শনের সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
