পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৩১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, ১০ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬১টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক যাত্রী পরিবহনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইনস ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
এদিকে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৪ হাজার ৮৬৯টি সেবা প্রদান করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় দুইজন মারা গেছেন।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।
