মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু মনিপুরী ‘লাই হরাওবা’ উৎসব, তিনদিনজুড়ে ঐতিহ্যের বর্ণিল আয়োজন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে শুরু হয়েছে মনিপুরী মৈথৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাই হরাওবা’ উৎসব। বুধবার দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই তিনদিনব্যাপী আয়োজন আগামী শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে শেষ হবে।

উৎসবে দেশের খ্যাতিমান শিল্পী, গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর থেকেও শিল্পী, কলাকুশলী ও গবেষকরা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, এটি কেবল একটি উৎসব নয়, বরং মনিপুরী সম্প্রদায়ের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই আয়োজন বাস্তবায়ন করছে লাই হরাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ। অর্থায়নে রয়েছে Bangladesh National Museum এবং UNESCO Bangladesh। সহযোগিতায় রয়েছে মণিপুরী কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশ পৌরৈঅপোকপা মরূপধর্মীয় সাংস্কৃতিক সংস্থা ও সাধন বাংলাদেশ।

আয়োজক কমিটির সদস্য সচিব ওইমান লানথই এবং আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) জানান, ‘লাই হরাওবা’ মনিপুরী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। এতে সৃষ্টি, বিশ্বতত্ত্ব, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির গভীর প্রকাশ ঘটে।

উৎসবজুড়ে থাকবে ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্রপাঠ (লাইপৌ) এবং বিশেষ নৃত্যধারা ‘মাইবী জাগোই’। এইসব আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে মনিপুরী সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা হয়।

আয়োজকরা আরও জানান, ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন’ কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়েছে। তারা সকল শ্রেণিপেশার মানুষকে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

তাদের মতে, ‘লাই হরাওবা’ শুধু একটি উৎসব নয়, এটি মনিপুরী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।