লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
Sylhet Metropolitan Police (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, সিলেট নগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি বলেন, গত ৭ মাসে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর নগরীর সেফটি ইনডেক্স ৫২ থেকে বেড়ে ৬৭-এ পৌঁছেছে। একই সঙ্গে ক্রাইম ইনডেক্স ৩২.৭০, যা দেশের আটটি মহানগরের মধ্যে সর্বনিম্ন বলে দাবি করেন তিনি।
নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, নগরীতে সক্রিয় ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তালিকা করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রাউড সোর্সড ডাটাবেজ প্ল্যাটফর্ম Numbeo-এর তথ্য অনুযায়ী সিলেট মেট্রোপলিটন এলাকা বসবাসের জন্য ভালো অবস্থানে রয়েছে।
গ্রেপ্তার সংক্রান্ত তথ্য তুলে ধরে কমিশনার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন পরোয়ানায় ৩০৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই গ্রেপ্তার করা হয়েছে ১১২৯ জন অপরাধী।
সম্প্রতি নগরীর তালতলা ও তেমুখী এলাকায় সংঘটিত দুটি আলোচিত ঘটনাকে ছিনতাই নয়, বরং ব্যক্তিগত বিরোধজনিত মারামারি হিসেবে উল্লেখ করেন তিনি। তবে কিছু গণমাধ্যমে এসব ঘটনাকে ছিনতাই হিসেবে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন কমিশনার।
সংবাদ প্রকাশে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যাচাই ছাড়া সংবাদ প্রচার জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান তিনি।
কমিশনার আরও বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। বিশেষ টিম গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই এ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। নিরাপদ নগরী গড়ে তুলতে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
