কৃষিভিত্তিক শিল্প গড়ে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষিখাত আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১টার দিকে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি বৈঠক হয়েছে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক ব্যবসায়ী কোল্ড স্টোরেজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, “এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। আমাদের লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের সার্বিক উন্নয়ন।” তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অপরিহার্য।

কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলাই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং বাকিরাও কোনো না কোনোভাবে এই খাতের ওপর নির্ভরশীল। “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে”—এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে বলে তিনি জানান।

এ সময় তিনি আরও বলেন, কৃষকদের জন্য ১০টি সুবিধা সংবলিত কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।