জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়িতার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা পুরস্কার প্রদান সম্পন্ন

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার দেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। বিশ্বব্যাপী তেল-ডিজেলের দাম বৃদ্ধি পেলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে দেশে দাম বাড়ানো হয়নি। তিনি উল্লেখ করেন, সরকার প্রতিদিন শত কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ ব্যক্তিগত জীবনেও অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মিতব্যয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। দেশের স্বাধীনতা, জাতীয় উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (মরণোত্তর)সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা পুরস্কার’ দেশের সবচেয়ে সম্মানজনক রাষ্ট্রীয় স্বীকৃতি। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে এই পুরস্কার প্রবর্তন করেন।

এ বছর গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও দেশগঠনে বিশেষ অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।