লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২০ শতাংশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এই পথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছিল।
এর আগে ইরান জানিয়েছিল, তাদের ওপর কোনো ধরনের হামলা না হলে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকলে তারা এই প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করবে। সর্বশেষ এই ঘোষণাকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে।
সূত্র: আল-জাজিরা
