লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি প্রকাশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়জুড়ে এই সুবিধা কার্যকর থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে ইরানের এই ঘোষণার পরও দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ বহাল রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকলেও ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে সমঝোতার পর্যায়ে পৌঁছেছে এবং খুব দ্রুত একটি চূড়ান্ত চুক্তি সম্ভব হতে পারে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আলোচনা ও জোট গঠনের উদ্যোগ চলছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইরানের ওপর চাপ বজায় রেখে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চায় ওয়াশিংটন।
উল্লেখ্য, এই নৌ-অবরোধ মূলত ইরানের তেল রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে বহাল রাখা হয়েছে।
