অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার। তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে চুক্তিভিত্তিকভাবে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে গত ৮ মার্চ অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যাহারের পর এবার তাদের অবশিষ্ট মেয়াদও আনুষ্ঠানিকভাবে বাতিল করল সরকার।

সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।