দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু: আহত অনেক

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের করিমগঞ্জে এসব ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলাবাজার এলাকায় পুকুরে মাছ ধরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে তারা একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই ঘটনায় অন্তত ১২ জন আহত হন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মমিনা হাওরে মাছ ধরতে গিয়ে সুনাম উদ্দিন (৩৫) বজ্রপাতে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

সুনামগঞ্জে জেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হবিবুর রহমান (২২), রহমত উল্লাহ (১৩), আবুল কালাম (২৮), লিটন মিয়া (৩৮) ও নুর জামাল (২৬)। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। ধানক্ষেত দেখতে যাওয়া ও গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে তারা নিহত হন।

নেত্রকোণার আটপাড়ায় হাওরে ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া (৬৫) বজ্রপাতে প্রাণ হারান। একইভাবে কিশোরগঞ্জের করিমগঞ্জে ধান কাটার সময় হলুদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

প্রতিটি এলাকায় এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বৈরী আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।