ভারতের বেঙ্গালুরুর হাসপাতালে দেয়াল ধস, শিশুসহ নিহত ৭

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু-তে একটি হাসপাতালের সীমানা দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বাউরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতাল-এর প্রায় ৮ ফুট উঁচু একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, নিহতদের মধ্যে এক শিশু ও ফুটপাতে থাকা চারজন দোকানি রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।