উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর অন্তত চার রাউন্ড গুলি চালায়। ঘটনায় গুরুতর আহত হন চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেব বেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাড়িতে করে যাওয়ার সময় থেকেই চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নেয় একদল দুষ্কৃতী। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছাতেই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। রাজনৈতিক মহলের দাবি, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর সমর্থনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন চন্দ্রনাথ রথ ও আহত বুদ্ধদেব বেরা।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই হামলার নেপথ্যে রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
