ইস্ট লন্ডনের একটি ভারতীয় রেস্টুরেন্টকে খাদ্য প্রস্তুতের জায়গায় তেলাপোকার উপস্থিতি পাওয়ায় ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
Shish Mahal নামের রেস্টুরেন্টটিতে ২০২৪ সালের জুলাইয়ে স্বাস্থ্য পরিদর্শনের সময় খাদ্য প্রস্তুতের জায়গায় তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। পরে পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন।
Waltham Forest Council জানিয়েছে, এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ওই পরিদর্শন পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, খোলা খাবার ও রান্নার উপকরণ যেখানে রাখা হচ্ছিল, সেখানেই তেলাপোকার চলাচলের চিহ্ন ছিল।
গত ২৮ এপ্রিল ২০২৬ Thames Magistrates’ Court-এ অনুষ্ঠিত শুনানিতে Abdul Bashir, যিনি মূল কোম্পানি Leyton Dining Club Ltd-এর প্রতিনিধিত্ব করছিলেন, দুটি অভিযোগ স্বীকার করেন।
অভিযোগগুলোর মধ্যে ছিল যথাযথ পেস্ট কন্ট্রোল ব্যবস্থা না রাখা এবং রেস্টুরেন্ট পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা।
আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৫ হাজার ৪৬৫ পাউন্ডের বেশি আইনি খরচ পরিশোধের নির্দেশ দেয়।
ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের এক মুখপাত্র বলেন, এই ঘটনা দেখিয়ে দেয় যে জনস্বাস্থ্য সুরক্ষায় রেস্টুরেন্টগুলোর জন্য প্রতিরোধমূলক পেস্ট কন্ট্রোল ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ থাকলে কাউন্সিলকে জানানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তবে পরবর্তী পরিদর্শনের পর বর্তমানে শীশ মহলের ফুড হাইজিন রেটিং তিন রয়েছে।
লন্ডনের আরেক রেস্টুরেন্টেও জরিমানা
এদিকে আলাদা ঘটনায়, হেইস এলাকার চাইনিজ টেকঅ্যাওয়ে Royal Jade Inn-কে ১৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। একাধিক স্বাস্থ্য পরিদর্শনে তাদের রান্নাঘরে অতিরিক্ত ময়লা ও চর্বির স্তর পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
এসব ঘটনায় লন্ডনের কিছু খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
