দক্ষিণ লন্ডনের Elephant and Castle এলাকার একটি বহুতল আবাসিক ভবন থেকে পড়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
Metropolitan Police জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে চার্চইয়ার্ড রো এলাকার একটি উঁচু ফ্ল্যাট ভবন থেকে কয়েকজন নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনার পরপরই পুলিশ, London Ambulance Service, London’s Air Ambulance এবং London Fire Brigade যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি সেবা কর্মীরা প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি আপাতত ‘অপ্রত্যাশিত মৃত্যু’ হিসেবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের পাশে থাকতে বিশেষজ্ঞ কর্মকর্তাদেরও নিয়োজিত করা হয়েছে।
এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় South London–এর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
